প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ মো. মিজানুর রহমান (৩১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার সরতাজ বাহেরা এলাকার মো. কামাল হোসেনের ছেলে মিজানুর রহমানকে দুই পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মিজানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে একই দিনে জরিরুল ইসলাম নামে অপর এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদক ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
© দৈনিক চেতনার কন্ঠ